সনাতন ধর্মে দেব-দেবীদের প্রতিটি রূপ, অলঙ্কার ও ভঙ্গিমার পেছনে লুকিয়ে আছে গভীর দার্শনিক ও বৈজ্ঞানিক অর্থ। মহাদেব শিবের রূপও এর ব্যতিক্রম নয়। তাঁর কণ্ঠে গোখরো সাপ, কপালে ত্রিনয়ন, হাতে ত্রিশূল এবং মস্তকে জটাবদ্ধ চুল সবকিছুই কোনো না কোনো গূঢ় সত্যের বাহক। কিন্তু প্রশ্ন ওঠে, পরমেশ্বর হয়েও শিবের মাথায় কেন এই জটা?
শিবের অন্যতম নাম 'মহাকাল' যিনি সময় বা কালের সীমানাকে অতিক্রম করেছেন। চুল ক্রমাগত বৃদ্ধি পাওয়া হলো সময় অতিবাহিত হওয়ার প্রতীক।
শিবের মাথার পেঁচানো জটা সময়চক্রকে নির্দেশ করে। অর্থাৎ, মহাজাগতিক সময় তাঁর জটার বাঁধনে বন্দি। তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের অতীত এই তত্ত্বই প্রকাশ পায় তাঁর জটার বিন্যাসে।
সনাতন ধর্মে শিবকে অনাদি নামে ডাকা হয়। (যার কোনো শুরু নেই) এবং স্বয়ম্ভূ নামেও ডাকা হয় (যে নিজে থেকেই প্রকট)
এরমানে হলো শিব যখনই শাস্ত্রে প্রকট হয়েছেন তা ব্রহ্মার ললাট থেকে ‘রুদ্র’ রূপে হোক বা মহাজাগতিক জ্যোতির্বলয় রূপে তিনি জটা ধারণ করেই প্রকট হয়েছেন। তাই সনাতন শাস্ত্রাদি থেকে জানা যায়না তার জটার রহস্য!
তবে শিবের জটার সবচেয়ে জনপ্রিয় ও বিখ্যাত পৌরাণিক কাহিনীটি যুক্ত রয়েছে 'গঙ্গাবতরণ' এর ঘটনার সাথে। শ্রীমদ্ভাগবত পুরাণ এর বর্ণনা অনুযায়ী, রাজা ভগীরথ তাঁর পূর্বপুরুষদের অভিশাপ মুক্ত করতে স্বর্গ থেকে মর্ত্যে মা গঙ্গাকে নিয়ে আসার জন্য কঠোর তপস্যা করেছিলেন। কিন্তু স্বর্গের নদী গঙ্গা যখন তীব্র বেগে মর্ত্যে নেমে আসছিলেন, তখন তাঁর পতন-তরঙ্গ সহ্য করার ক্ষমতা পৃথিবীর ছিল না।
গঙ্গার অহংকার চূর্ণ করতে এবং পৃথিবীকে প্রলয়ের হাত থেকে বাঁচাতে শিব তাঁর জটা খুলে দেন। গঙ্গা শিবের জটাচক্রে আবদ্ধ হয়ে পড়ে এবং তাঁর তীব্র বেগ হারিয়ে ফেলে। এরপর শিব তাঁর জটা থেকে শান্ত, নিয়ন্ত্রিত ধারায় গঙ্গাকে পৃথিবীতে প্রবাহিত হতে দেন। এটি প্রমাণ করে, শিব কেবল বিনাশক নন, তিনি প্রলয়ঙ্করী শক্তিকে জনকল্যাণে রূপান্তরকারী মহান রক্ষক।
ভগবান শিবের মাথার জটা কেবল কোনো পোশাক বা শারীরিক বৈশিষ্ট্য নয়। এটি একদিকে যেমন কঠোর সাধনা ও পরম ত্যাগের প্রতীক, অন্যদিকে তেমনই প্রলয়ঙ্করী শক্তিকে সুসংহত করে সৃষ্টির কল্যাণে নিয়োজিত করার এক অনুপম আধ্যাত্মিক শিক্ষা।
বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন... https://youtu.be/ic9l-dy4h20


